|
কতদিন পর পর গোসল করা স্বাস্থ্যকর?
|
|
মুক্তধারা ডেস্কঃ নগরে শীত পড়েছে। বিকেলের পর থেকেই হালকা শীতের বাতাস গায়ে লাগতে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শীতের তীব্রতা। যা সকাল পর্যন্ত থাকে। তবে, এখনও ঘরে জবুথবু হয়ে থাকার মতো ঠাণ্ডা পড়েনি। কিন্তু শীতে যে আতংক সবচেয়ে বেশি কাজ করে তা হলো গোসল। এরইমধ্যে অনেকের মনে প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে, গোসল কি প্রতিদিনই করতে হবে? চলুন জেনে নিই গোসল নিয়ে কিছু দরকারি এবং মজার তথ্য। কতদিন পর পর গোসল করা উচিত? ২০১৯ সালে হার্ভার্ড মেডিকেল স্কুল প্রকাশিত এক জার্নালে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দুই তৃতীয়াংশ নাগরিক প্রতিদিন গোসল করেন। আর অস্ট্রেলিয়ার ৮০ শতাংশ বাসিন্দা প্রতিদিন গোসল করেন। কিন্তু চীনের অর্ধেক জনগোষ্ঠী সপ্তাহে মাত্র দুইবার গোসল করেন। নিয়মিত গোসল করা স্বাস্থ্যকর এবং আরামদায়ক। তবে কতদিন পর পর গোসল করতে হবে তার নির্দিষ্ট কোন হিসেব নেই। এটি নির্ধারিত হয় একজন মানুষের শারীরিক গঠন, বয়স, পরিবেশ এবং প্রয়োজন অনুযায়ী। তবে যাই হোক না কেন, গোসল সংক্ষিপ্ত ও অল্প পানিতে করা উত্তম বলে জানান বিশেষজ্ঞরা। ডার্মাটোলজিস্টরা বলেন, ‘স্বাভাবিক ও স্বাস্থ্যকর ত্বকে সাধারণত নির্দিষ্ট স্তরের তেল, ভালো ব্যাকটেরিয়া এবং অন্যান্য মাইক্রো-অরগার্নিজমের একটি ভারসাম্যপূর্ণ অবস্থান থাকা জরুরী। ভালো ব্যাকটেরিয়া শরীরে প্রোটিন উৎপাদনে সাহায্য করে। কিন্তু বেশি গোসল করলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। যে কারণে বেশিরভাগ মানুষের জন্যই সপ্তাহে কয়েকবার গোসল যথেষ্ট। সবচেয়ে ভালো হয় একদিন পর একদিন গোসল করতে পারলে। তবে আশঙ্কার কথা হচ্ছে, বেশি গরম পানিতে গোসল করলে বা বেশি ক্ষারজাতীয় সাবানের অতিরিক্ত ব্যবহার করলে শরীরের তেল ও ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। তাই এসব বিষয় খেয়াল রাখার উপর জোর দেন চিকিৎসকরা। |