|
ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
|
|
মুক্তধারা প্রতিবেদকঃ সারাদেশে অব্যাহত নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলার সভাপতি সাগর দাসের সভাপতিত্বে ও বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন সিকদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন – বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টেরর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা.মনিষা চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, বরিশালের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মারিয়া, বিপুল, লামিয়া প্রমুখ। বক্তারা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারী নির্যাতনের অমানবিক ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করেছে। ক্ষমতার রাজনীতির প্রত্যক্ষ প্রশ্রয়ে এ ধর্ষকরা লালিত-পালিত হয়েছে। অবিলম্বে নোয়াখালীর ঘটনাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এরআগে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধরণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নগরে বিক্ষোভ মিছিল করা হয়। |